শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

রংপুরে সংযুক্তি বাতিলের দাবি বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের

রংপুরে সংযুক্তি বাতিলের দাবি বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নির্বিচারে গুলি, নৃশংস হামলা ও নির্যাতনের সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগ তুলে রংপুর মেট্রোপলিটন পুলিশে বদলি হয়ে আসা দুই পুলিশ কর্মকর্তা এবং ডিআইজি অফিসে আসা আরেক অতিরিক্ত ডিআইজির সংযুক্তি বাতিলের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর নেতৃবৃন্দ।

শনিবার রাতে নগরীর সুমি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহম্মেদ ইমতি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মতিঝিল এলাকায় মূল দায়িত্বপ্রাপ্ত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) গোবিন্দ চন্দ্র। তিনি গণঅভ্যুত্থানে ওই এলাকায় ছাত্র-জনতার ওপর নির্বিচারে হামলা-নির্যাতন চালিয়েছেন, রক্তাক্ত করেছেন। নৃশংস হামলা চালানো এই কর্মকর্তাকে রংপুর মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।

ইমতি বলেন, আরেক পুলিশ কর্মকর্তা মোন্তাসির বিল্লাহ ছাত্রলীগ করতেন। তিনিও এই অভ্যুত্থানে হামলা-নির্যাতনে অংশ নিয়েছেন। তাকেও রংপুরে বদলি করা হয়েছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এই দুই কর্মকর্তার রংপুরে সংযুক্তি বাতিল করতে আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তা করা হয়নি। আমরা অনতিবিলম্বে তাদের সংযুক্তি বাতিল চাই।

তিনি আরও বলেন, শুধু ওই দুই কর্মকর্তাই নন, রংপুর ডিআইজি অফিসে মাসুদ আহমেদ নামে আরেক অতিরিক্ত ডিআইজি সংযুক্ত আছেন, তিনিও ছাত্র-জনতার ওপর হামলা চালিয়েছেন। তাকেও এখান থেকে সরাতে হবে।

এসময় উষ্মা প্রকাশ করে ইমতিয়াজ বলেন, রংপুর যেন অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। অবিলম্বে ছাত্র-জনতার ওপর হামলার সঙ্গে জড়িত থাকায় অভিযুক্ত এই কর্মকর্তাদের প্রত্যাহার করতে হবে। তারা এই ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। 

ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার দোসররা নানামুখী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে দাবি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির মুখপাত্র নাহিদ হাসান খন্দকার বলেন, এখনো অনেক জায়গায় পতিত স্বৈরাচারের দোসররা বহাল তবিয়তে রয়েছে। তারা বিভিন্ন ষড়যন্ত্র করছে। 

এসময় তিনি রংপুরে নেসকোর বিতর্কিত প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধ করাসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সাথে জড়িত সরকারি কর্মকর্তাদের শাস্তির আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান।

একই সাথে রংপুরের উন্নয়নে বিশেষ বাজেট বরাদ্দ দেয়াসহ রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতিকরণসহ ট্রেনের সংখ্যা বৃদ্ধি, গ্যাসভিত্তিক কলকারখানা চালু ও কর্মসংস্থান সৃষ্টি, শ্যামাসুন্দরী খাল সংস্কারসহ জন-আকাঙ্ক্ষা পূরণে বর্তমান অন্তবর্তী সরকারের কাছে দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক মোতাওয়াক্কিল বিল্লাহ শাহ ফকির, সদস্য-সচিব রহমত আলী, যুগ্ম সদস্য সচিব রাজিমুজ্জামান হৃদয় প্রমুখ।