লালমনিরহাটের হাতীবান্ধায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ এক বৃদ্ধা মারা গেছেন। বৃহস্পতিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহত বৃদ্ধার নাম ফাতেমা বেগম (৭৫)।
বৃহস্পতিবার সকালে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন তিনি। ফাতেমা বেগম উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের বাসিন্দা। টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন এ মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান সেলিম হোসেন বলেন, গতকাল সকালে প্রচণ্ড শীত নিবারণের জন্য প্রতিবেশীর বাড়ির উঠানে খড়কুটো দিয়ে লাগানো আগুন পোহাতে যান ফাতেমা বেগম। এ সময় অসাবধানতাবশত তার শাড়িতে আগুন লেগে যায়। শুরুতেই বুঝতে না পারায় একপর্যায়ে আগুন শরীরে ধরে যায়। তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।
পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
