বর্তমান সরকারকে পিছা (ঝাড়ু) দিয়ে পিটালেও যাবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে তাই বলে আন্দোলন থামবে না বলেও জানিয়েছেন তিনি।
রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক ঐক্য আয়োজিত গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর কর্মসূচিতে সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
মাহমুদুর রহমান মান্না বলেন, একজন প্রশ্ন করেছে কাপড়ের মধ্যে সই করলেই কি ওরা (সরকার) চলে যাবে? আরে ওদের তো পিছা দিয়ে পিটালেও যাবে না। যেতে চায় না। কিন্তু আমরাও এমন করে আন্দোলন করবো যে, যেতে হবে। তখন ফিরে দাঁড়িয়ে নিজের জন্য একবার দোয়াও করতে পারবেন না। সেই পরিস্থিতি আসছে।
তিনি বলেন, আজকে এখানে আমাদের গণস্বাক্ষর কর্মসূচি পালিত হচ্ছে। এরপর কি আমাদের কর্মসূচি শেষ হয়ে যাবে? না, আগামীকাল ২টা পর্যন্ত আমাদের একই কর্মসূচি চলবে, পরশু ২টা পর্যন্ত চলবে। এভাবে জানুয়ারি মাস শেষ হয়ে যাবে। তখন ফেব্রুয়ারি মাসে চলবে। যতক্ষণ পর্যন্ত এই সরকার না যাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কাজ চলবে।
আওয়ামী লীগ সরকারকে ভুয়া অবহিত করে সাবেক এই ছাত্রনেতা বলেন, শুধু আমরা না, দেশের কোটি কোটি মানুষ একে ভুয়া মনে করে। চিন্তা করেন, সাকিব আল হাসানের মতো আন্তর্জাতিক মানের এক নম্বর ক্রিকেটার, উনি এখন দেশের জনগণের কাছে ভুয়া হয়ে গেছেন। কারণ একটি ভুয়া নির্বাচনে তিনি ভুয়া এমপি হয়েছেন। আপনি (সাকিব আল হাসান) অনেক বড় খেলোয়াড়, নজর তো উপরে যাবে, নিচে কেন গেল। এই মানুষও আপনাকে নিচে নামিয়ে দিচ্ছে।
