বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এখন অনেকে আদালত থেকে জামিন পেলেও কারামুক্তি মিলছে না। জামিনের কাগজ নিয়ে কারাফটক থেকে বের হওয়ার সাথে সাথে আবারও নতুন মামলায় গ্রেফতার করা হচ্ছে। আওয়ামী পুলিশ প্রশাসন বিএনপিসহ গণতন্ত্রকামী দলগুলোর নেতাকর্মীদের জীবন নিয়ে খেলছে। অবৈধ সরকার যেন নিজেদের টিকিয়ে রাখতে রাষ্ট্রযন্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিএনপি নেতাকর্মীদের ওপর। জামিনে মুক্তি পেলেও জেলগেটে অপেক্ষমান গোয়েন্দা সংস্থার লোকদেরকে টাকা না দিলে তাদের মুক্তি মিলছে না।
সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত 'মিথ্যা ও বানোয়াট' মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির জোর আহবান জানান।
তিনি বলেন, অসংখ্য গরীব নেতাকর্মী জেলগেটের টাকা না দেওয়ার কারণে কারাগারেই ধুকে ধুকে জীবন কাটাচ্ছে। শেখ হাসিনা বিএনপির বিরুদ্ধে প্রতিশোধের হাতিয়ার হিসেবে গড়ে তুলেছেন আইন শৃঙ্খলা বাহিনীকে। আইন শৃঙ্খলা বাহিনী এখন আওয়ামী সুরক্ষাবাহিনীতে পরিণত হয়েছে। দেড় দশক ধরে আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে ফ্রি লাইসেন্স দেওয়া হয়েছে বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে টাকা চুষে নেওয়ার জন্য। আমি মনে করি, গণতন্ত্র আদায়ে জনগণের অঙ্গীকার কখনোই নিষ্ফল হবে না।
রিজভী বলেন, ৭ জানুয়ারির ভোট জনগণ প্রত্যাখান করেছে। অনেক অনুনয়—বিনয় আর স্বৈরাচারী উগ্র প্রতিমূর্তি ধারণ করেও ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যেতে পারেনি। কারণ জনগণ আগেই টের পেয়েছিল এরা ভোটকেন্দ্রে লোক সমাগম দেখিয়ে সন্ধ্যা বেলায় পূর্ব নির্ধারিত ব্যক্তিদেরকে সংসদ সদস্য হিসেবে নাম ঘোষণা করবে। সেটি ভোটের দিন অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়েছে। এরা নির্বাচনকে পচে গলে বিকৃত করেছে। আর এই ধোকাবাজির নির্বাচন সম্পন্ন করতে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গত তিন/চার মাস ধরে গ্রেফতার করা হয়েছে। পাশবিক নিপীড়ন নির্যাতন চালানো হয়েছে। শারীরিক নির্যাতনে অনেকেই কারাগারে মৃত্যুবরণ করেছেন এবং অসংখ্য নেতাকর্মী পঙ্গুত্ববরণ করেছেন। কারা হেফাজতে ও রিমান্ডে নির্যাতন পৃথিবীর সকল জালিমশাহীর রেকর্ডকে ভঙ্গ করেছে। কারও হাত—পা ভেঙ্গে দেওয়া হয়েছে, কারও হাত ও পায়ের নখ তুলে ফেলা হয়েছে, কারও চোখের আলো নিভে গেছে পুলিশের ছোড়া শটগানের গুলিতে।
