রবিবার, জানুয়ারী ২৫, ২০২৬
 শিরোনাম
নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকদের শতভাগ আস্থা: সিইসি প্রচারণায় জনদুর্ভোগ সৃষ্টি করে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা: ইসি অপ্রয়োজনে হর্ন বাজানো বন্ধে কড়াকড়ির আহ্বান পরিবেশ উপদেষ্টার নির্বাচন-পূর্ব প্রতিশ্রুতি রক্ষা করে ‘স্বপ্নের বাংলাদেশ’ গড়তে তারেক রহমানেরf অঙ্গীকার বিএনপি জনগণকে বিক্রি করে নিজের সম্পদ গড়ে না: মির্জা ফখরুল বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক নির্বাচন কমিশনের বিএনপি সরকার গঠন করলে প্রাথমিক শিক্ষা পাবে সর্বোচ্চ গুরুত্ব: তারেক রহমান দ্রুত পোস্টাল ভোট দেওয়ার নির্বাচন কমিশনের আহ্বান বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে শ্রদ্ধা জানালেন উপদেষ্টা আদিলুর রহমান শিক্ষা প্রতিষ্ঠানকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক চর্চার কেন্দ্রে গড়ে তোলা হবে: শিক্ষা উপদেষ্টা

বলিউড বাদশাহ শাহরুখের মেট গালা লুক নকল করলেন কাজল

বলিউড বাদশাহ শাহরুখের মেট গালা লুক নকল করলেন কাজল

বলিউড বাদশাহ শাহরুখ খান প্রথমবারের মতো অংশগ্রহণ করেছেন নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত মেট গালা ফ্যাশন প্রদর্শনীতে। বাদশাহ ছাড়াও সেখানে গিয়েছিলেন বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া, কিয়ারা আদভানি ও দিলজিৎ দোসাঞ্জ। 

বাঙালি পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে কিং খান শাহরুখ গিয়েছিলেন মেট গালায়। কালো ওভারকোট, হাতে ছড়ি আর নানা রকম গহনা পরা বাদশাহকেও কোনো এক আধুনিক রূপকথার জাদুকরই মনে হচ্ছিল বলে জানিয়েছেন ভক্ত-অনুরাগীরা।

ইতোমধ্যে শাহরুখের রাফ অ্যান্ড টাফ লুক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শাহরুখের ছবি ভাইরাল হতেই বন্ধুকে নিয়ে মজা করার সুযোগ ছাড়লেন না বলিউড অভিনেত্রী কাজল। তারা শুধু একে অপরের সহকর্মী তা নয়, তারা দুজনে খুব ভালো বন্ধু। শাহরুখের মেট গালা লুক হুবহু নকল করে বেশ কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন কাজল, যা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। কাজলের এই মজাদার পোস্ট দেখে হেসে খুন হন নেটপাড়ার বাসিন্দারা। একেই বলে বন্ধুত্ব— এমন মতও প্রকাশ করেন অনেকে।

সামাজিক মাধ্যমে অভিনেত্রী যে ছবিগুলো পোস্ট করেছেন, সেখানে শাহরুখ খানের পাশাপাশি কাজল নিজের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিতে কাজলকে একটি কালো ব্লেজার পরে থাকতে দেখা গেছে। দুই হাতের আঙুলভর্তি আংটি, হাতে রুপালি রঙের একাধিক চুড়ি, নাকে নাকছাবি, কানে একাধিক দুল— সব মিলিয়ে কাজলকে দেখলে মনে হবে শাহরুখের ফিমেল ভার্সন। ছবিগুলো পোস্ট করে কাজল লিখেছেন—পার্থক্য খুঁজে বের করুন। 

শুধু তাই নয়, পোস্টে শাহরুখকে ট্যাগ করেছেন তিনি। কাজল যে এই পোস্ট নেহাতই মজার ছলে তৈরি করেছেন, তা আর বুঝতে বাকি নেই কারও। একজন বন্ধুই পারে একজন বন্ধুকে এইভাবে জ্বালাতন করতে। এক বন্ধু রাগ করবে না জেনেই এই কার্যকলাপ করতে সাহস পায় অন্য বন্ধু।

কাজলের এই পোস্টের কমেন্ট বক্স ছেয়ে গেছে বিভিন্ন কমেন্টে। এক নেটিজেন লিখেছেন—কোনো পার্থক্য নেই। উনি রাজা আর তুমি রানি। আরেক নেটিজেন লিখেছেন—একেই বলে বন্ধুত্ব। বন্ধুকে জ্বালাতন করার মজাই আলাদা। তৃতীয় নেটিজেন লিখেছেন—রাজ আর অঞ্জলির কথা মনে পড়ে গেল। একেবারে পুরোনো দিনের মতো। চতুর্থ নেটিজেন লিখেছেন—আবার আপনাদের একসঙ্গে পর্দায় দেখতে চাই।

উল্লেখ্য, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুচ কুচ হোতা হে’, ‘কাভি খুশি কাভি গম’সহ বহু সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন শাহরুখ ও কাজল। পর্দায় তাদের রসায়ন যেমন অসাধারণ, তেমনই ব্যক্তিগত জীবনেও তারা একে অপরের খুব ভালো বন্ধু।