শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

তরুণদের উদ্যোক্তা হতে উৎসাহিত করলেন সমাজকল্যাণমন্ত্রী

তরুণদের উদ্যোক্তা হতে উৎসাহিত করলেন সমাজকল্যাণমন্ত্রী

সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে তরুণ-তরুণীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মন্ত্রী আজ রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে ‘সেভ দ্য চিলড্রেন’ আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণ-তরুণীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিচ্ছে। ব্যবসা করার আর্থিক সামর্থ্য নেই এমন তরুণদের সিড মানি দেওয়া হচ্ছে। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চলতি বাজেটে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড রাখা হয়েছে।

তিনি বলেন, তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি। তরুণদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের সম্পদে পরিণত হবে।

জনমিতিক লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে সঠিকভাবে কাজে লাগাতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অধ্যাপক জাহিদ হোসেন বলেন, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গঠন করতে চায়। এ লক্ষ্য অর্জনে সমাজের সব মানুষের অংশগ্রহণ প্রয়োজন।

অনুষ্ঠানের আলোচকরা বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা অর্জন এবং নেটওয়ার্কিং বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

তারা তরুণদের শিক্ষার্থী, দক্ষ কর্মী, উদ্যোক্তা, নেতা, সিদ্ধান্ত গ্রহণকারী ও পরিবর্তনের নেতৃত্বদাতা হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা, নেদারল্যান্ডস দূতাবাসের কূটনীতিকসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী, এনজিও, সুশীল সমাজ, বিশ্ববিদ্যালয় ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।