বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
গুলশান-ধানমণ্ডি-নিকেতন লেক রক্ষায় সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যান্সার হাসপাতালে নতুন করে যুক্ত হচ্ছে ২০০ শয্যা নির্বাচনী ব্যয়ের হিসাবের সঙ্গে এজেন্টের ব্যাংক হিসাবও উল্লেখ বাধ্যতামূলক ১১ দলের কর্মসূচি শান্তিপূর্ণ রাখতে বিশৃঙ্খলা না করার আহ্বান গোলাম পরওয়ারের বাংলাদেশিদের যাতায়াতে ঢাকা-মালদ্বীপ রুটে সপ্তাহে ৭ ফ্লাইট ভর্তুকির পণ্য বিতরণে স্বচ্ছতা-জবাবদিহিতা বাড়াতে ডিজিটাল হচ্ছে টিসিবি গেজেট জারির প্রস্তুতি শেষ পর্যায়ে, অপেক্ষায় নবম পে স্কেল আগামী ৬ জুনের আগে ইউপি নির্বাচন সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট ৪ দিন ধরে বন্ধ, আসেননি ভারতীয় প্রকৌশলীরা মক্কা নগরীতে ড্রোন হামলার খবরে বাংলাদেশের তীব্র নিন্দা

বাংলাদেশিদের যাতায়াতে ঢাকা-মালদ্বীপ রুটে সপ্তাহে ৭ ফ্লাইট

বাংলাদেশিদের যাতায়াতে ঢাকা-মালদ্বীপ রুটে সপ্তাহে ৭ ফ্লাইট

 

বাংলাদেশি পর্যটকদের মালদ্বীপ ভ্রমণ সহজ করতে দুই দেশের মধ্যে সপ্তাহে সাতটি সরাসরি ফ্লাইট চলাচল করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ) ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাইকমিশনার জানান, মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা মালদিভিয়ান সপ্তাহে দুটি এবং ইউএস-বাংলা এয়ারলাইনস পাঁচটি সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। ফলে বাংলাদেশ থেকে প্রায় প্রতিদিনই সরাসরি মালদ্বীপে যাতায়াতের সুযোগ রয়েছে।

শিউনিন রশীদ বলেন, ভালো কোনো পর্যটন গন্তব্যে পৌঁছানো সহজ হওয়া উচিত। বাংলাদেশ থেকে বর্তমানে মালদ্বীপে ভ্রমণ বেশ সুবিধাজনক।

মালদ্বীপকে শুধু বিলাসবহুল পর্যটন গন্তব্য হিসেবে না দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশটিতে বিলাসবহুল রিসোর্টের পাশাপাশি সাফারি বোট ও স্থানীয় দ্বীপগুলোর গেস্টহাউস রয়েছে। তুলনামূলক কম খরচে এসব গেস্টহাউসে অবস্থান করে স্থানীয় মানুষের জীবনযাপন ও সংস্কৃতির কাছাকাছি থেকে দেশটি ঘুরে দেখার সুযোগ রয়েছে।

বাংলাদেশি পর্যটকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধার কথাও তুলে ধরেন হাইকমিশনার। তিনি বলেন, বাংলাদেশি নাগরিকদের আগে থেকে ভিসার জন্য আবেদন করার প্রয়োজন নেই। ফলে টিকিট বুক করে সহজেই মালদ্বীপ ভ্রমণের পরিকল্পনা করা যায়।

বাংলাদেশি পর্যটকদের আগ্রহ বাড়ার কথা জানিয়ে শিউনিন রশীদ বলেন, পর্যটক আগমনের দিক থেকে মালদ্বীপে বাংলাদেশের অবস্থান বর্তমানে ১৯তম। গত তিন বছর ধরে বাংলাদেশি বাজারে সক্রিয়ভাবে কাজ করছে মালদ্বীপ। দুই দেশের মানুষের যোগাযোগ ও বন্ধুত্ব বাড়াতে পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এবারের এশিয়ান ট্যুরিজম ফেয়ারে মালদ্বীপের অংশগ্রহণ আরও জোরদার করতে দেশটির বেসরকারি ট্যুর অপারেটর জাহা ট্রাভেলসের সঙ্গে অংশীদারত্বের কথাও জানান তিনি। এর মাধ্যমে বাংলাদেশি পর্যটকেরা ঢাকায় বসেই মালদ্বীপ ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন বলে জানান হাইকমিশনার।

মধুচন্দ্রিমা, পারিবারিক ছুটি, অ্যাডভেঞ্চার কিংবা স্বল্প সময়ের অবকাশ—বিভিন্ন ধরনের ভ্রমণের জন্য বাংলাদেশি পর্যটকদের মালদ্বীপে যাওয়ার আমন্ত্রণ জানান শিউনিন রশীদ। একই সঙ্গে মেলায় দেশটির প্যাভিলিয়ন পরিদর্শনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে পর্যটনবিচিত্রার সম্পাদক ও এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত। এ ছাড়া বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, নেপাল ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন।