বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফর করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হচ্ছে ডিসেম্বরে প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা, দৈনিক গ্যাস উৎপাদনের লক্ষ্য ১,৭৫২ মিলিয়ন ঘনফুট আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে চীনের অঙ্গীকার: লিউ ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্পপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে প্রধানমন্ত্রীর সৌরবিদ্যুৎ পরিকল্পনা: মাহদী আমিন আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সিউলে বিএনপি প্রতিনিধি দল বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে

এলডিসি থেকে উত্তরণের পরও কমনওয়েলথের বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার অনুরোধ ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর

এলডিসি থেকে উত্তরণের পরও কমনওয়েলথের বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার অনুরোধ ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পথে থাকা সদস্য দেশগুলোর আর্থসামাজিক রূপান্তর মসৃণ করতে উন্নত কমনওয়েলথ দেশগুলোর প্রতি অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির। 

আজ বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) নির্বাহী অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বদানকারী হুমায়ুন কবির এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রক্রিয়ায় থাকা দেশগুলোর জন্য কমনওয়েলথের অভ্যন্তরীণ বাণিজ্যে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

তিনি কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে নিরবচ্ছিন্ন সরবরাহব্যবস্থা ও বাণিজ্যের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো তুলে ধরেন। একইসাথে এ জোটের বিপুল বাণিজ্য সম্ভাবনা কাজে লাগাতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়া কনফারেন্স সেন্টারে আয়োজিত এ অধিবেশনে কমনওয়েলথের ৫৬টি সদস্য রাষ্ট্রের সরকারপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিদলের নেতারা অংশ নেন।

অধিবেশনে কমনওয়েলথ নেতারা বাণিজ্য, বিনিয়োগ ও বেসরকারি খাতে অর্থায়নের ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা, আর্থিক ও বাণিজ্যব্যবস্থায় অধিকতর সমন্বয়ের ওপর গুরুত্ব দেন তারা।

এছাড়া জলবায়ু অর্থায়নে অংশীদারত্ব জোরদার এবং তরুণদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরিতে সহায়তা বাড়ানোর প্রস্তাবও দেন কমনওয়েলথ নেতারা।

উল্লেখ্য, ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত অ্যান্টিগুয়া ও বারবুডায় চলমান ২৮তম কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনে (সিএইচওজিএম) বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে এবং পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের জন্য হুমায়ুন কবিরকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে।