বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামে বিদ্যুৎ বিপর্যয়, ধীরে ফিরছে সরবরাহ

ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামে বিদ্যুৎ বিপর্যয়, ধীরে ফিরছে সরবরাহ

জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে প্রায় পৌনে দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়।

বিদ্যুৎহীন হয়ে পড়ে গুলশান, রামপুরা, মতিঝিল, মগবাজার ও খিলগাঁওসহ বিভিন্ন এলাকা। সচিবালয় ও বাংলাদেশ ব্যাংকেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারকাজ ব্যাহত হয়।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জানায়, বিপর্যয়ের পর কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়। সেগুলো পর্যায়ক্রমে চালু করার মাধ্যমে সরবরাহ বাড়ানো হচ্ছে। তবে বিপর্যয়ের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উত্তরাঞ্চলসহ দেশের অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল।