টি টোয়েন্টি বিশ্বকাপের আগে শুরু হবে বিপিএল। সেই লক্ষ্যে প্রস্তুতিও চলছে। যদিও বড় টুর্নামেন্টগুলোতে ভালো করতে না পারার পর ঘুরেফিরে আসে ঘরোয়া ক্রিকেটের উইকেট প্রসঙ্গ। ঘরের মাঠে কেমন উইকেটে খেলা হয় আর দেশের বাইরের গিয়ে কেমন উইকেটে খেলতে হয়, এ নিয়ে শুরু হয় গবেষণা। ভারতে ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পরও উইকেট নিয়ে কথা উঠেছে। তাই, এবার বিপিএলের উইকেট বিশ^কাপ উপযোগী করা হতে পারে। এ বছর টি টোয়েন্টি বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে।
বুধবার বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম জানান, বিশ্বকাপের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উইকেট তৈরি করা হবে।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি বলেন, ‘টি টোয়েন্টি ব্যাটারদের খেলা। আমরা চাই বিপিএলে প্রচুর রান হোক। শুধু উইকেট হলে হবে না, ব্যাটারদেরও দক্ষতা থাকতে হবে। আমরা আগামী বিশ্বকাপকে সামনে রেখে কিছু পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। যে ধরনের উইকেট আইসিসি আন্তর্জাতিক ইভেন্টগুলোতে তৈরি করার চেষ্টা করে, আমরাও সেরকম করব।’
বিপিএলের প্রতি আসরের শুরুতে শীত ও কুয়াশার কারণে উইকেটে সেভাবে রান থাকে না। এবারও সেই শঙ্কা রয়েছে। মাহবুবুল আনাম বলেন, ‘আবহাওয়া একটা ব্যাপার। শৈত্যপ্রবাহ চলছে। তাতে হয়তো শুরুতে আমরা সমস্যার মুখোমুখি হব। আমাদের প্রচেষ্টা থাকবে আগামী বিশ্বকাপের উইকেটের সঙ্গে মিল রেখে বানানো, যেন ক্রিকেটাররা প্রস্তুতি হিসাবে ব্যবহার করতে পারে।’
-1704333730.jpg)