বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে ২৭তম বিসিএসে বাদ পড়া আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা দেশের স্থিতিশীলতা রক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার ঘোষণা অর্থমন্ত্রীর দেশে টিকাদান কার্যক্রম জোরদারে ইউনিসেফের মাধ্যমে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ হাওরে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে: জাহেদ উর রহমান

যে কারণে সুজনের অভিমান!

যে কারণে সুজনের অভিমান!

বিসিবির প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। আর তাতেই বিস্মিত খালেদ মাহমুদ সুজন। ক্রিকেট অপারেশন্স কমিটির ভাইস চেয়ারম্যান হয়েও লিপুর নিয়োগের ব্যাপারে কোনো কিছু আগে থেকে না জানা ‘সারপ্রাইজিং’ বলে উল্লেখ করেছেন সুজন। এই পদে তার থাকার প্রয়োজন কি এমন প্রশ্নও তুলেছেন তিনি।

সাবেক এই অধিনায়ক জানান, তিনি আশা করেছিলেন হাবিবুল বাশার সুমনকেই করা হবে প্রধান নির্বাচক।

সোমবার বিসিবির বোর্ড সভায় নেওয়া হয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অনেকটা চমক হিসেবে মিনহাজুল আবেদিন নান্নুর জায়গায় প্রধান নির্বাচক করা হয় বাংলাদেশের প্রথম ওয়ানডের অধিনায়ক লিপুকে। এক সময় বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগেরও দায়িত্ব পালন করা ৬৩ বছরের লিপুর নিয়োগের খবর গণমাধ্যম থেকেই জেনেছেন সুজন।

বোর্ড পরিচালক হলেও সভায় সোমবার উপস্থিত ছিলেন না সুজন। বিপিএলের দল দুর্দান্ত ঢাকার কোচ হিসেবে দায়িত্ব পালন করতে তিনি আছেন চট্টগ্রামে। 

সেখানেই মঙ্গলবার গণমাধ্যমের সামনে হাজির হয়ে বলেন, লিপু ভাই নির্বাচক হতে পারেন বা এমন কিছু আমি আগে শুনিনি। খুবই চমকপ্রদ সিদ্ধান্ত এসেছে বিসিবি থেকে। আমি সেখানে ছিলাম না, বলতেও পারব না।

উনার ক্রিকেট মেধা, বিচক্ষণতা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না, দ্বিমত থাকতে পারে না। তবে আমার জন্য খুবই সারপ্রাইজিং ছিল। আমি নামটা শুনিনি। বাতাসে অনেক নামই ভাসছিল, গুঞ্জন ছিল। আমার জন্য অবাক করা কারণ আমি ক্রিকেট অপারেশন্সের ভাইস চেয়ারম্যান অথচ আমি জানিই না। এটা আমার খুব অবাক লাগল।

লম্বা সময় ক্রিকেট খেলায়, দেশকে, আবাহনীকে নেতৃত্ব দেওয়ায় লিপুর মেধা, যোগ্যতা নিয়ে কোন সংশয় নেই সুজনের। তবে মাঝের সময়টায় একটা লম্বা গ্যাপ হয়ে গেছে বলে তার ধারণা।

সুজন বলেন, আমার প্রত্যাশা ছিলো নান্নুর বদলে এবার হাবিবুল বাশার সুমনকে করা হবে প্রধান নির্বাচক। কেন হয়েছে, যারা সিদ্ধান্ত নিয়েছেন বা সিদ্ধান্তের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তারাই বলতে পারবেন।

আমি অবশ্যই মনে করি সুমন যোগ্য ছিল। ও বাংলাদেশের সফল ক্যাপ্টেন ছিল, সফল ক্রিকেটার ছিল। এত বছর দলের সাথে কাজ করেছে। আমি আশা করেছিলাম নান্নু ভাইকে না রাখা হলে ওই প্রধান নির্বাচক হবে। যে সিদ্ধান্ত বোর্ড দিয়েছে, আমাদের সম্মান জানাতে হবে।

সুজন আরও বলেন, আমি ক্রিকেট অপারেশন্সের ভাইস চেয়ারম্যান আমি জানিই না, ক্রিকেট অপারেশন্স সিলেক্টর নিচ্ছে, কে হচ্ছে। খুবই অবাক করার মতো। আমার এই পজিশনে থাকার প্রয়োজন কি সেটাও জানি না আসলে।