জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় ও প্রান্তিক নারীদের স্বাস্থ্যগত সমস্যা মোকাবিলায় সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। এ লক্ষ্যে বাংলাদেশে নারীস্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি দল পাঠানোর আগ্রহ জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে এমিনে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকের তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে বাংলাদেশের নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের কারণে নারী ও শিশুদের স্বাস্থ্যগত ও সামাজিক ঝুঁকির বিষয়গুলো তুলে ধরেন ডা. জুবাইদা রহমান। এ ছাড়া বৃক্ষরোপণ ও খাল খননসহ পরিবেশ সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও জানান তিনি।
এমিনে এরদোয়ান বাংলাদেশের জলবায়ু পরিবর্তন মোকাবিলার সক্ষমতা ও সহনশীলতার প্রশংসা করেন। বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, সৌরবিদ্যুৎ এবং পরিবেশবান্ধব উদ্যোগে সহযোগিতার আগ্রহ জানান তিনি। প্লাস্টিকের বিকল্প হিসেবে বাংলাদেশের পাটজাত ও পচনশীল পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় নারীদের স্বাস্থ্যঝুঁকি, মাতৃস্বাস্থ্য এবং অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির বিষয়গুলো বৈঠকে গুরুত্ব পেয়েছে। এসব সমস্যা মোকাবিলায় তুরস্কের অভিজ্ঞতা বিনিময় এবং বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে বিশেষজ্ঞ দল পাঠাতে চান এমিনে এরদোয়ান।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। ২০১৭ সালে বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় নেওয়ার পর এমিনে এরদোয়ান কক্সবাজারের শিবির পরিদর্শন করেছিলেন। রোহিঙ্গাদের জন্য তুরস্কের মানবিক সহায়তা অব্যাহত রাখার বিষয়েও আশ্বাস দেন তিনি। প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে ডা. জুবাইদা রহমান এমিনে এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
