তুরস্কের আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ম্যাক্স রয়েল হোটেলে অনুষ্ঠিত বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, নবায়নযোগ্য শক্তি এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন দুই নেতা।
কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের শীর্ষ বৈঠক শুরুর আগে এ আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এরদোয়ানের সঙ্গে সাক্ষাতের কথা স্মরণ করেন। কপ৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ক সরকারকে অভিনন্দনও জানান তিনি।
বৈঠকে প্রতিরক্ষা খাতে প্রযুক্তি বিনিময়, সহযোগিতা ও যৌথ বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তারেক রহমান। দুই দেশের বাণিজ্য ব্যবধান কমানো এবং বিনিয়োগ সম্প্রসারণে সরকারি ও বেসরকারি পর্যায়ে নিয়মিত আলোচনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
জ্বালানি নিরাপত্তা ও খনিজ সম্পদ আহরণে প্রযুক্তিগত সহযোগিতা নিয়েও আলোচনা হয়। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগের সম্ভাবনার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক আর্থিক ও কারিগরি সহায়তার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।
রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে চলমান মামলায় দেশটির সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য তুরস্কের মানবিক সহায়তারও প্রশংসা করেন তিনি। রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘ ও ওআইসিতে তুরস্কের কূটনৈতিক ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তারেক রহমান।
