রাজধানীর গুলশানে কিং ফিশার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকা বিপুল পরিমাণ অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চারটি গোয়েন্দা সংস্থার সমন্বিত দল।
রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১২টা থেকে প্রায় ৩ ঘণ্টাব্যাপী পরিচালিত ওই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় জব্দ করা হয়েছে।
শুল্ক ফাঁকি, ভ্যাট ফাঁকি ও মানি লন্ডারিং প্রতিরোধের লক্ষ্যে পরিচালিত ওই অভিযানে সার্বিক সহযোগিতায় ছিল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা যায়, উচ্চ শুল্ক আরোপযোগ্য অ্যালকোহলজাতীয় পণ্য অবৈধ উৎস ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে শুল্ক ও ভ্যাট ফাঁকি দিয়ে বিক্রয় করা হচ্ছে- এমন গোপন সংবাদে রোববার রাতে রেস্টুরেন্টটিতে অভিযান চালানো হয়।
এদিন জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) সার্বিক তত্ত্বাবধানে যৌথ ওই অভিযানে এনবিআরের চারটি গোয়েন্দা সংস্থা অংশ নেয়। এনবিআরের গোয়েন্দা সংস্থাগুলো হলো- সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (টিআইআইইউ) এবং মূল্য সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভিএআইআইডি)। কাস্টমস আইন ২০২৩, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং আয়কর আইন, ২০২৩ এর নির্ধারিত ক্ষমতাবলে ওই অভিযান পরিচালনা করা হয়।
প্রায় ৩ ঘণ্টাব্যাপী পরিচালিত ওই অভিযানে রেস্টুরেন্টটি থেকে বৈধ কাগজবিহীন বিপুল পরিমাণ অ্যালকোহল ও অ্যালকোহল জাতীয় পানীয় জব্দ করা হয়। তবে জব্দকৃত পণ্যের চূড়ান্ত তালিকা, রাজস্ব ফাঁকির পরিমাণ ও এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানিয়েছে এনবিআর।
