সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
 শিরোনাম
গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ: সড়কমন্ত্রী বিদেশি ঋণ পরিশোধে ব্যয় বেড়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর শঙ্কা, উপকূলে গুমোট আবহাওয়া সৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠকের প্রস্তুতি ইরানের রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতিতে নতুন অগ্রগতি কিংফিশার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বিপুল অবৈধ অ্যালকোহল জব্দ স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে নামছে এনসিপি দেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের পাশে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর চার দিনের সফরে আজ রাতে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী দুর্গাপূজায় বাড়তি যানবাহনের চাপেও সেতুতে চলাচল ছিল নির্বিঘ্ন

বিদেশি ঋণ পরিশোধে ব্যয় বেড়েছে

বিদেশি ঋণ পরিশোধে ব্যয় বেড়েছে

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিদেশি ঋণের আসল ও সুদ পরিশোধে বাংলাদেশের ব্যয় বেড়ে ১৩৫ কোটি ১২ লাখ ৩০ হাজার মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এ সময়ে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে প্রকৃত বিদেশি সহায়তা ছাড় হয়েছে ৬৬ কোটি ২৩ লাখ ১০ হাজার ডলার।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ গত অর্থবছরের একই সময়ের ১২৭ কোটি ৯০ লাখ ডলার থেকে ৫ দশমিক ৬ শতাংশ বেড়েছে।

ইআরডির তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে বিদেশি ঋণের আসল হিসেবে ৮৫ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। গত অর্থবছরের একই সময়ে এ বাবদ ব্যয় হয়েছিল ৮১ কোটি ৬৯ লাখ ৯৯ হাজার ডলার। একই সময়ে সুদ পরিশোধের পরিমাণ ৪৬ কোটি ২৯ লাখ ৬০ হাজার ডলার থেকে বেড়ে ৪৯ কোটি ২৩ লাখ ১০ হাজার ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ৬৬ কোটি ২৩ লাখ ১০ হাজার ডলারের বিদেশি সহায়তা ছাড় হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১১৪ কোটি ৮০ লাখ ডলার।

চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে ছাড় হওয়া বিদেশি সহায়তার মধ্যে ঋণ ছিল ৫৪ কোটি ১৭ লাখ ৪০ হাজার ডলার এবং অনুদান ছিল ১২ কোটি ৫ লাখ ৭০ হাজার ডলার।

এদিকে, বিদেশি ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি বেড়েছে। ইআরডির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে উন্নয়ন সহযোগীরা ১২৭ কোটি ৩০ লাখ ডলারের ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে। গত অর্থবছরের একই সময়ে এ প্রতিশ্রুতির পরিমাণ ছিল ৯১ কোটি ৬ লাখ ৭০ হাজার ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে বিদেশি সহায়তার প্রতিশ্রুতি বেড়েছে প্রায় ৪০ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে পাওয়া নতুন প্রতিশ্রুতির মধ্যে ঋণ ছিল ১১৪ কোটি ৮০ লাখ ডলার এবং অনুদান ছিল ১২ কোটি ৫৪ লাখ ৫০ হাজার ডলার।