সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মালয়েশিয়ায় ১০ মাসে আটক ৭০ হাজারের বেশি অবৈধ অভিবাসী শ্রমিক অসন্তোষে গাজীপুরে ছয় কারখানা এক দিনের জন্য বন্ধ যুক্তরাজ্যে বিনা খরচে মাস্টার্সের সুযোগ, আবেদন ৮ ডিসেম্বর পর্যন্ত আইওএসের একাধিক সংস্করণে নিরাপত্তাত্রুটির দাবি, ঝুঁকিতে আইফোন ব্যবহারকারীরা সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে দুই সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি দূষিত বায়ুর শহরের তালিকায় আজ তৃতীয় ঢাকা কড়াইল বস্তিতে ভোরে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে থামল ঢাকাগামী আন্তনগর ট্রেন শ্রীপুরে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুন, পুড়ল ১৩ বসতঘর

শ্রীপুরে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুন, পুড়ল ১৩ বসতঘর

শ্রীপুরে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুন, পুড়ল ১৩ বসতঘর

গাজীপুরের শ্রীপুরে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে ১৩টি বসতঘর, একটি খাবার হোটেল ও একটি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিম্যাক কারখানার সামনে এ অগ্নিকাণ্ড ঘটে। শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নুরুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, পুড়ে যাওয়া বাড়িটির মালিক নিশাত ঢালী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে থাকেন। তার স্বজন বাবুল মিয়া জানান, প্রায় দেড় বছর আগে নিশাত ঢালী ১৩টি বসতঘর ও দুটি দোকানসহ বাড়িটি কিনেছিলেন। ঘরগুলো স্থানীয় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া ছিল। দুটি দোকানের একটিতে চলত খাবার হোটেল।

বাবুল মিয়া বলেন, রোববার সকালে ভাড়া দেওয়া খাবার হোটেলের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পেছনে থাকা বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বসতঘর ও সেগুলোর আসবাবপত্র পুড়ে যায়।

স্টেশন অফিসার নুরুল করিম জানান, খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানান তিনি।