বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে এসএসসি জানুয়ারি ও এইচএসসি জুনে নেওয়ার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় লেককে মাছ উৎপাদনের মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব: প্রাণিসম্পদ মন্ত্রী ১৩ দিনে রেমিট্যান্সে ৩৭.৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে মে মাসে উন্নয়ন অগ্রগতিতে প্রশাসনের আন্তরিক ভূমিকা দরকার: চিফ হুইপ বিআরটিসির ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু হবে ২৩ মে ময়মনসিংহ থেকে ডিসেম্বরেই আন্তঃনগর ট্রেন চালুর ঘোষণা রেল প্রতিমন্ত্রীর ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে

ময়মনসিংহ থেকে ডিসেম্বরেই আন্তঃনগর ট্রেন চালুর ঘোষণা রেল প্রতিমন্ত্রীর

ময়মনসিংহ থেকে ডিসেম্বরেই আন্তঃনগর ট্রেন চালুর ঘোষণা রেল প্রতিমন্ত্রীর

রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে ময়মনসিংহ থেকে সিলেট অথবা ময়মনসিংহ থেকে ঢাকার রেলপথে একটি আন্তঃনগর ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে। 

তিনি বলেন, ‘রেলপথের যাত্রী সেবা নিশ্চিত করতে ময়মনসিংহ রেল স্টেশনটি আধুনিকায়নের লক্ষ্যে যাত্রীসেড, বিশ্রামাগার, পাবলিক টয়লেট এবং নামাজখানা স্থাপন করা হবে। অর্থাৎ যা করলে রেল সেবা নিশ্চিত হবে, আমরা তা করবো।’  

তিনি আজ দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের হলরুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নগরীর কাচারিঘাট এলাকায় বেইলি ব্রিজ এবং নগরীর উপযুক্ত স্থানে ৩টি ওভারপাস অথবা আন্ডারপাস নির্মাণের পরিকল্পনাও সরকারের রয়েছে। এছাড়াও বর্তমানে ময়মনসিংহে বন্ধ থাকা মোহনগঞ্জ ট্রেন চালু এবং ট্রেনের কোচ বৃদ্ধি করা হবে। 

তিনি জানান, উপযুক্ত সমীক্ষার মাধ্যমে ময়মনসিংহ নগরীর যানজট নিরসনের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে নগরীর চরপাড়া এলাকায় একটি ইউল্যাব স্থাপন করা হবে।

সভায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, ‘শুধু স্বপ্ন দেখানো নয়, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সঠিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চান। ইতোমধ্যে তিনি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, স্থিতিশীল এবং উন্নত দেশ হিসেবে গড়ে তোলার জন্য কাজ শুরু করেছেন। বর্তমান সরকারের বয়স মাত্র ৩ মাস। এই সময়ের মধ্যেই স্বাস্থ্য কার্ড, কৃষক কার্ড বিতরণের মাধ্যমে মানুষকে স্বনির্ভর করে গড়ে তুলতে কাজ শুরু হয়েছে।’  

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এর আগে আজ সকালে ময়মনসিংহ নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও যানজট নিরসনের লক্ষ্যে স্থানীয় কাচারিঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের ওপর বেইলি ব্রিজ স্থাপনের জায়গা, চরপাড়া এলাকায় ইউল্যাব স্থাপনের জায়গা এবং বেহাল রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।  

সভার শুরুতে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকনের ব্যক্তিগত উদ্যোগে নগরীর বস্তিবাসী এবং দরিদ্র পরিবারের সদস্যদের জন্য প্রায় ৭ হাজার স্বাস্থ্য সেবা কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। এ সময় করপোরেশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।