সোমবার, নভেম্বর ৯, ২০২৬
 শিরোনাম
১২ বছর পর মাওলানা ফারুকী হত্যা মামলায় ৬ আসামির বিচার শুরু এনভিডিয়া সিইওর সঙ্গে চীনা গুপ্তচরের প্রেমের সম্পর্কের অভিযোগ, তদন্ত করবে মার্কিন কংগ্রেস ৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার জনমনে আতঙ্ক ছড়াতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি এনজিওর সঙ্গে প্রতিযোগিতায় টিকতে সমবায়ের আমূল সংস্কার জরুরি: রাষ্ট্রপতি ২০২৮ সালের শিক্ষাক্রম হবে শিখনফলভিত্তিক ও শিশুবান্ধব: ববি হাজ্জাজ পরীমণিকে বয়কটের আহ্বান, ছবিতে জুতা নিক্ষেপ সাংবাদিকদের রিয়াদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, ভূপাতিতের দাবি সৌদির গাজীপুরে ২৫ প্লাটুন বিজিবি-আনসার-এসআরবি মোতায়েন, কাজে ফিরেছেন শ্রমিকেরা দেশে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি বেড়েছে ৯৩ শতাংশ, মৃত্যু ৫০ শতাংশ

শরতের শুরুতে পঞ্চগড়ে শীতের আমেজ, ঘন কুয়াশা

শরতের শুরুতে পঞ্চগড়ে শীতের আমেজ, ঘন কুয়াশা

শরতের শুরুতেই উত্তরের জেলা পঞ্চগড়ের পথঘাট হঠাৎ ঘন কুয়াশায় ঢেকে গেছে। এ অবস্থায় অনেক চালককে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে দেখা গেছে। 

আজ মঙ্গলবার ভোর থেকে সকাল সাড়ে ৬ টা পর্যন্ত জেলার গ্রাম থেকে শহরের সড়কগুলো কুয়াশায় আচ্ছন্ন ছিল। এ যেন শীতের আগমনী বার্তার কথাই মনে করিয়ে দিচ্ছে।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা বলছেন, মৌসুমি বায়ুর সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার পরিবর্তনের সঙ্গে মেঘের অবস্থানের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

এদিকে, কুয়াশার কারণে কয়েক হাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছিল না বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সকাল বাড়ার সাথে সাথে সূর্যের আলো দেখা দিলে কুয়াশা কাটতে শুরু করে এবং পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের গলেহা কান্তমনি এলাকার বাসিন্দা আইবুল ইসলাম বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখেন বাড়ির চারপাশ কুয়াশায় ঢেকে গেছে। কয়েক হাত দূরের কোনো কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। সেপ্টেম্বর মাসে এর আগে এমন ঘন কুয়াশা দেখেননি বলে জানান তিনি।

জেলা শহরের ইজিবাইক চালক আজিজুল ইসলাম বলেন, সকালে গাড়ি নিয়ে বের হয়ে কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়েও সামনে ঠিকমতো দেখা যাচ্ছিল না। এ কারণে তাকে ধীরে গাড়ি চালাতে হয়েছে।

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬ টায় সেখানে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগের দিন সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও বলেন, শরৎকালের শুরুতে মৌসুমি বায়ুর সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার কারণে আবহাওয়ার এমন পরিবর্তন দেখা যাচ্ছে। এর সঙ্গে আকাশে দীর্ঘ সময় মেঘের অবস্থান এবং হঠাৎ মেঘ সরে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাওয়াও কুয়াশা তৈরিতে ভূমিকা রাখছে।