সোমবার, নভেম্বর ৯, ২০২৬
 শিরোনাম
১২ বছর পর মাওলানা ফারুকী হত্যা মামলায় ৬ আসামির বিচার শুরু এনভিডিয়া সিইওর সঙ্গে চীনা গুপ্তচরের প্রেমের সম্পর্কের অভিযোগ, তদন্ত করবে মার্কিন কংগ্রেস ৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার জনমনে আতঙ্ক ছড়াতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি এনজিওর সঙ্গে প্রতিযোগিতায় টিকতে সমবায়ের আমূল সংস্কার জরুরি: রাষ্ট্রপতি ২০২৮ সালের শিক্ষাক্রম হবে শিখনফলভিত্তিক ও শিশুবান্ধব: ববি হাজ্জাজ পরীমণিকে বয়কটের আহ্বান, ছবিতে জুতা নিক্ষেপ সাংবাদিকদের রিয়াদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, ভূপাতিতের দাবি সৌদির গাজীপুরে ২৫ প্লাটুন বিজিবি-আনসার-এসআরবি মোতায়েন, কাজে ফিরেছেন শ্রমিকেরা দেশে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি বেড়েছে ৯৩ শতাংশ, মৃত্যু ৫০ শতাংশ

দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুর্নীতি দমন কমিশন (দুদক)-কে প্রভাব-প্রতিপত্তি বিবেচনা না করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক না কেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।’

আজ বঙ্গভবনে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম ব্রিফিংকালে এই তথ্য জানান।

সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান কমিশনের সার্বিক কার্যক্রম, চলমান বিভিন্ন উদ্যোগ এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করার পাশাপাশি দুর্নীতি দমনে কমিশনের কার্যক্রম আরও কার্যকর করতে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অপশাসন, অনিয়ম ও জবাবদিহিতার অভাবে দুর্নীতি বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, দুর্নীতি দমন ও নিয়ন্ত্রণের ওপর নির্ভর করছে জাতির অগ্রগতি ও উজ্জ্বল ভবিষ্যৎ। দুদককে সততা ও সাহসের সঙ্গে দুর্নীতি দমনে কাজ করে যেতে হবে।

রাষ্ট্রপতি দীর্ঘদিনের বিপুল সংখ্যক বিচারাধীন মামলাগুলো আইনগতভাবে দ্রুত নিষ্পত্তি ও দীর্ঘসূত্রিতা কমানোর জন্য দুদকের প্রতি আহ্বান জানান। এসময় তিনি গুরুতর দুর্নীতির ব্যাপারে দ্রুত অনুসন্ধান ও কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বিশেষভাবে উল্লেখ করেন।

তিনি দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তুলতে জনসচেতনতা ও প্রচারণামূলক কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন এবং কমিশনকে তার সাংবিধানিক ও আইনগত দায়িত্ব কার্যকরভাবে পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান, কমিশনার (অনুসন্ধান) ড. মো.সাজ্জাদ হোসেন ভূইয়া এবং সচিব মো. সাইদুর রহমান খান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।