বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট ৪ দিন ধরে বন্ধ, আসেননি ভারতীয় প্রকৌশলীরা মক্কা নগরীতে ড্রোন হামলার খবরে বাংলাদেশের তীব্র নিন্দা ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগে সরকার কাজ করছে: বিমানমন্ত্রী পুলিশ ও গণমাধ্যমের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত: ডিএমপি কমিশনার ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় আরও ৭ জনের প্রাণহানি অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী ৬০ পৌরসভার প্রাথমিক স্বাস্থ্যসেবায় ৫০ কোটি টাকা বরাদ্দ এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান টেকসই অবকাঠামো নির্মাণে আন্তর্জাতিক অংশীদারত্ব বাড়ানোর আহ্বান সড়ক পরিবহন মন্ত্রীর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

টেকসই অবকাঠামো নির্মাণে আন্তর্জাতিক অংশীদারত্ব বাড়ানোর আহ্বান সড়ক পরিবহন মন্ত্রীর

টেকসই অবকাঠামো নির্মাণে আন্তর্জাতিক অংশীদারত্ব বাড়ানোর আহ্বান সড়ক পরিবহন মন্ত্রীর

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত ‘গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার কো-অপারেশন কনফারেন্স (জিআইসিসি)-২০২৬’ এর উদ্বোধনী অধিবেশনে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। আজ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, অবকাঠামো উন্নয়ন অর্থনৈতিক প্রবৃদ্ধি, আঞ্চলিক যোগাযোগ, সামাজিক উন্নয়ন এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি।

উদ্বোধনী অধিবেশনে মন্ত্রী আন্তর্জাতিক সহযোগিতা, উদ্ভাবন ও প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সহনশীল, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, অবকাঠামো উন্নয়নে অর্থায়নের পাশাপাশি আধুনিক প্রযুক্তি, জ্ঞান ও কারিগরি দক্ষতার সমন্বয় প্রয়োজন। এ ক্ষেত্রে দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা জরুরি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ একটি সমন্বিত, দক্ষ, নিম্ন-কার্বন ও জলবায়ু-সহনশীল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে আন্তর্জাতিক অংশীদারিত্ব ও অর্থায়নের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ ও রূপান্তরমূলক অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশ দক্ষিণ কোরিয়াসহ অন্যান্য আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে গভর্নমেন্ট-টু-গভর্নমেন্ট (জি-টু-জি) সহযোগিতা, বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই), সহজ শর্তের অর্থায়ন এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)-এর মাধ্যমে অবকাঠামো খাতে সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী। একই সঙ্গে প্রযুক্তি হস্তান্তর, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে অবকাঠামো উন্নয়নের নতুন সম্ভাবনা কাজে লাগাতে চায় বাংলাদেশ।

জিআইসিসি-২০২৬-এ বাংলাদেশের অংশগ্রহণ টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার এবং দক্ষিণ কোরিয়াসহ অন্যান্য উন্নয়ন সহযোগীর সঙ্গে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে বাংলাদেশের অঙ্গীকারের প্রতিফলন।
এ সম্মেলনে মন্ত্রীর অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অবকাঠামো উন্নয়ন খাতে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ প্রকল্প বাস্তবায়নের নতুন সুযোগ সৃষ্টি হবে।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয় (এমওএলআইটি) আয়োজিত এবং ইন্টারন্যাশনাল কনট্রাক্টরস অ্যাসোসিয়েশন অব কোরিয়া (আইসিএকে)-এর ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এবারের সম্মেলনের  প্রতিপাদ্য ‘কো-অপারেশন অন গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস ওপেনড বাই এআই’।

বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, অবকাঠামো সংশ্লিষ্ট সংস্থা, বহুপাক্ষিক উন্নয়ন প্রতিষ্ঠান, প্রকল্প বাস্তবায়নকারী এবং শীর্ষস্থানীয় নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করছেন।