বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
 শিরোনাম
‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণে চট্টগ্রামের নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী ২৫ অক্টোবর থেকে রিয়াদগামী ফ্লাইট চালু, কাল থেকে দাম্মাম রুটেও উড়বে বিমান ২০১০ সালের পর সৌদি আরবে ১৯ জনের বেশি বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু বিএনপির পাঁচ বছরের কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে ভোট দেবে মানুষ: চিফ হুইপ শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে শিক্ষকদের যুগোপযোগী পরিকল্পনার আহ্বান আইনমন্ত্রীর ঢাকা-গাজীপুর সড়ক ছয় লেনে করার পরিকল্পনা সরকারের ডিজিটাল লেনদেনের চেয়ে নগদ লেনদেন ২৮ গুণ ব্যয়বহুল: বাংলাদেশ ব্যাংক জ্বালানির মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ নিশ্চিতে তহবিলের দাবি বিপিসির

বিএনপির পাঁচ বছরের কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে ভোট দেবে মানুষ: চিফ হুইপ

বিএনপির পাঁচ বছরের কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে ভোট দেবে মানুষ: চিফ হুইপ

বিএনপি সরকারের পাঁচ বছরের কর্মকাণ্ড মূল্যায়ন করেই জনগণ পরবর্তী নির্বাচনে ভোট দেবে উল্লেখ করে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণই ভোটের মাধ্যমে তার জবাব দেবে। তাই ঘন ঘন আন্দোলনের মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা না করে অপেক্ষা করা উচিত।

আজ বুধবার বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত জিয়া মঞ্চের বরিশাল বিভাগীয় সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে। সরকারকে দেশের দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। সরকারের কাজের মূল্যায়ন জনগণই করবে এবং পরবর্তী নির্বাচনে তাদের রায় দেবে।

তিনি বলেন, ৩০ লাখ কোটি টাকা পাচার হয়ে যাওয়া একটি দেশের ভঙ্গুর অর্থনীতি নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করেছে। এরই মধ্যে বিরোধী পক্ষের লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি দেশ পুনর্গঠনের উদ্যোগকে বাধাগ্রস্ত করছে বলে তিনি মন্তব্য করেন। লংমার্চের মাধ্যমে দেশের পরিস্থিতির প্রকৃত পরিবর্তন আনা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

দেশের বিদ্যুৎ সংকট প্রসঙ্গে নূরুল ইসলাম মনি বলেন, বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান সৌরবিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে আগামী তিন বছরের জন্য কর ছাড় দিয়েছেন। এ সুযোগ কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে কাজ করা গেলে এক বছরের মধ্যে বিদ্যুতের ঘাটতি পূরণ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

চিফ হুইপ বলেন, দীর্ঘ ১৭ বছরের জুলুম-নির্যাতন ও প্রতিকূলতা মোকাবিলা করে বিএনপি ফ্যাসিবাদী সরকারের পতনে নেতৃত্ব দিয়েছে। ভঙ্গুর অর্থনীতি ও নানা সংকটের মধ্যে দেশের দায়িত্ব নিয়ে বর্তমান সরকার দেশ পুনর্গঠনের চেষ্টা করছে।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন সরকারি সহায়তা কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে সম্মুখ সারিতে থেকে তিনি দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন। পরবর্তী সময়ে দেশের সংকটময় পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বও পালন করেছেন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথা উল্লেখ করে চিফ হুইপ বলেন, স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তাঁকে জেল-জুলুম ও নির্যাতন সহ্য করতে হয়েছে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য বিলকিস আক্তার জাহান শিরীন ও সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। সম্মেলন উদ্বোধন করেন জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্লাহ ইকবাল।

আবু তালেবের সভাপতিত্বে এবং গোলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। 

সম্মেলনে বরিশাল মহানগর ও বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।