সাংবাদিকদের সঙ্গে সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনার জেরে চট্টগ্রামের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমণিকে বাদ দেওয়া হয়েছে। সাংবাদিক সংগঠনগুলোর প্রতিবাদ ও অনুষ্ঠান বয়কটের ঘোষণার পর আয়োজকেরা এ সিদ্ধান্ত নিয়েছেন।
আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামে CFVA-এর উদ্যোগে অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে। গত ৬ নভেম্বর পরীমণি নিজের ফেসবুক পেজে অনুষ্ঠানের পোস্টার শেয়ার করে সেখানে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় আয়োজক প্রতিষ্ঠানের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাংবাদিকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে পরীমণিকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হয়েছে।
এর আগে ৫ নভেম্বর ঢাকার আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে পরীমণির বাকবিতণ্ডা ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে। এ ঘটনায় চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। কয়েকটি সাংবাদিক সংগঠন অনুষ্ঠান বয়কট ও প্রতিহতের ঘোষণাও দেয়। পরে আয়োজকেরা তাঁর অংশগ্রহণ বাতিল করেন।
