ঠিকাদারের কাছ থেকে উপহার নেওয়া নিয়ে মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তাঁর ভাষ্য, ঠিকাদার নিজের লভ্যাংশ থেকে খুশি হয়ে কোনো প্রকৌশলীকে উপহার দিলে তা ঘুষ হিসেবে গণ্য হবে না।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তবে কাজের মান খারাপ করে অর্থ সাশ্রয়ের মাধ্যমে প্রকৌশলী ও ঠিকাদারের মধ্যে অর্থ ভাগাভাগির বিরুদ্ধে সতর্ক করেন প্রতিমন্ত্রী।
তিনি জানান, এলজিইডির অধীনে বর্তমানে ১ লাখ ২০ হাজার কোটি টাকার কাজ চলমান রয়েছে। আরও ৯০ হাজার কোটি টাকার প্রকল্প পাইপলাইনে আছে। নবীন প্রকৌশলীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কাজের গুণগত মানের সঙ্গে কোনো আপস করা যাবে না।
