সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর সঙ্গে বিয়ের বিষয়টি অবশেষে স্বীকার করেছেন প্রবাসী ব্লগার আসাদ নূর। একই সঙ্গে বিয়ের ছবি ও পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি করা রহস্যের কারণও ব্যাখ্যা করেছেন তিনি।
মঙ্গলবার রাতে নিজের ইউটিউব চ্যানেলে লাইভে এসে আসাদ নূর বিয়ের বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তিনি বিয়েতে পরা নিজের পাঞ্জাবি ও পারশার শাড়িও দেখান।
আসাদ নূর জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি বিয়ের তথ্য প্রকাশ না করে বিভিন্ন সূত্র ও ইঙ্গিত ছড়িয়ে দেওয়া হয়েছিল। এর উদ্দেশ্য ছিল সামাজিক ট্যাবু ভাঙা এবং মানুষের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা।
তিনি বলেন, তাঁদের পোশাক, ছবির পটভূমি ও সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে অনুসরণ করার বিষয়গুলো নিয়ে অনেকে অনুসন্ধান করেছেন। এমনকি ইচ্ছাকৃতভাবে কিছু পোস্ট আড়াল করে রহস্য বাড়ানো হয়েছিল।
বিয়েকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে কটূক্তি ও নেতিবাচক মন্তব্যের সমালোচনা করেন তিনি। তাঁর দাবি, পুরো আয়োজনের মাধ্যমে নারীর প্রতি পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ও সামাজিক সংকীর্ণতাকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছেন তাঁরা। দুজনের চিন্তা ও পেশা ভিন্ন হলেও পারস্পরিক বোঝাপড়াই সম্পর্কের মূল ভিত্তি বলে উল্লেখ করেন আসাদ নূর।
