কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দলটির রাজনৈতিক স্বীকৃতি নেই। তাঁর দাবি, আওয়ামী লীগের কার্যক্রম সন্ত্রাসী কর্মকাণ্ডে রূপ নিয়েছে। দলটির কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশনে নিবন্ধন স্থগিত রয়েছে। দল বা সংগঠনের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়াও চলমান।
পলাতক নেতাদের বিষয়ে তিনি জানান, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরানোর জন্য কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশকে চিঠি দেওয়া হয়েছে। দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনানুগ ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ এলাকায় পুলিশ, বিজিবিসহ বিভিন্ন বাহিনী মোতায়েন করা হচ্ছে। বিজয় দিবসের নিরাপত্তা প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
গার্মেন্টস শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, মজুরি নির্ধারণে মালিক ও শ্রমিক প্রতিনিধিরা সম্মত হয়েছেন। তবে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
