বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
আওয়ামী লীগ নেতাদের সভা-সমাবেশে বাধা নেই, তবে মানতে হবে শর্ত পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিতে বড় দায়িত্ব পেলেন বাংলাদেশের বুলবুল ‘লাশ নিয়ে যান’ বলে স্বামীর ফোন, বাসায় গিয়ে মিলল স্ত্রীর মরদেহ বিয়ের রহস্য ভাঙলেন আসাদ নূর, পারশার সঙ্গে সম্পর্ক নিয়ে যা জানালেন ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে চাপে ফেলতে চান ৭১ শতাংশ মার্কিনি নেতানিয়াহু-পরবর্তী ইসরায়েল? শপথ নিলেন নতুন পার্লামেন্টের ১২০ সদস্য ঠিকাদারের উপহার ঘুষ নয়, মন্তব্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর চাকরিচ্যুতির চার বছর পর দুদকে ফিরছেন শরীফ, পাবেন বকেয়া বেতনও প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আটক ৩ বিশ্ব বিজ্ঞান দিবস আজ, এবারের প্রতিপাদ্য ‘বিজ্ঞান কূটনীতির মাধ্যমে অভিন্ন ভিত্তি’

ভ্রমণ ভিসায় তিন দিনের নিষেধাজ্ঞা দিল ভারত

ভ্রমণ ভিসায় তিন দিনের নিষেধাজ্ঞা দিল ভারত

ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের কারণে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশিদের ভ্রমণ ভিসায় তিনদিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শনিবার (১৮ মে) সকাল থেকে লোকসভা নির্বাচনের দিন ২০ মে পর্যন্ত ভ্রমণ ভিসার পাসপোর্টধারী যাত্রীদের ভারতে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। 

তবে জরুরি চিকিৎসার জন্য বাংলাদেশি পাসপোর্টধারী রোগীরা মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করতে পারবেন। এ সংক্রান্ত একটি নির্দেশনা চিঠির মাধ্যমে বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

পশ্চিমবঙ্গ সরকারের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন অফিসার সই করা ওই চিঠিতে বলা হয়, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব আন্তর্জাতিক রুট দিয়ে ১৭ মে সন্ধ্যা থেকে ২০ মে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের আমদানি-রপ্তানিসহ ভ্রমণ ভিসায় যাতায়াত বন্ধ করা হয়েছে। শুধুমাত্র মেডিকেল ভিসায় ভারত যাওয়া যাবে। তিন দিন বন্ধ থাকবে ভ্রমণ ভিসায় যাতায়াত।

বেনাপোল চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, ভারতীয় চেকপোস্ট থেকে একটি পত্রের মাধ্যমে লোকসভা নির্বাচনের কারণে তিন দিন যাত্রী পারাপার বিধি নিষেধের বিষয়ে জানতে পেরেছি। এ তিন দিনে নতুন কোনো যাত্রী ভারতের প্রবেশ করতে পারবেন না। তবে বাংলাদেশে অবস্থানকারী ভারতীয় পাসপোর্ট যাত্রীরা ভারতে ফিরে যেতে পারবেন এবং যে সমস্ত বাংলাদেশিরা মেডিকেল ভিসা বা ইমার্জেন্সি ভিসা নিয়ে ভারতে যেতে চান তারাই বন্ধের তিন দিনে ভারতে যেতে পারবেন। বন্ধের এই তিন দিনে ভারতে অবস্থানকারী কোনো বাংলাদেশি পাসপোর্ট যাত্রী দেশে ফিরে আসতে পারবেন না। ২১ মে সকাল থেকে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে জানান তিনি। 

এ ব্যাপারে বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম জানান, ভারতীয় লোকসভা নির্বাচন, বৌদ্ধ পূর্ণিমার ছুটি ও শার্শা উপজেলায় উপজেলা নির্বাচনের কারণে বেনাপোল বন্দর দিয়ে শনিবার থেকে বুধবার পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ কয়দিন বেনাপোল বন্দরের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় থাকবে। আগামী বৃহস্পতিবার থেকে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।