যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মেহরদাদ আখলাগি কেতাবচি। সামরিক শিল্প, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মহাকাশ প্রযুক্তিতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা দেশটির প্রতিরক্ষা সক্ষমতা পুনর্গঠনের দায়িত্ব পালন করবেন।
রোববার ইরানের পার্লামেন্টে তাঁর নিয়োগ অনুমোদিত হয়। এতে ২৩৭ জন সদস্য পক্ষে এবং ১৫ জন বিপক্ষে ভোট দেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর রসদ ব্যবস্থাপনার দায়িত্বও তাঁর ওপর ন্যস্ত হবে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কেতাবচি ৪২ বছরের বেশি সময় ধরে প্রতিরক্ষা খাতে কাজ করেছেন। এর আগে তিনি দেশটির কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়েছেন। তাঁর অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন আকাশযানের সক্ষমতা বৃদ্ধি, আকাশ প্রতিরক্ষা জোরদার এবং সামরিক শিল্পের উন্নয়ন।
