মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
 শিরোনাম
সন্তানের ভবিষ্যতের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন আয়োজন কঠিন: ইসি মাছউদ বিশ্ববাজারে ধারাবাহিকভাবে কমছে জ্বালানি তেলের দাম মেয়র নির্বাচনে অংশ নিতে শতভাগ প্রস্তুত: ইশরাক টাইগারকে হামলার পর বিষ্ণোই গ্যাংয়ের হুমকি, সালমানের সঙ্গে কাজ করলেই পরবর্তী লক্ষ্য কিশোর গ্যাং প্রতিরোধে সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়কে অগ্রাধিকার দেওয়ার আহ্বান ববি হাজ্জাজের ক্যান্সার হাসপাতালগুলোতে রেডিওথেরাপি মেশিন বসানোর উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী সংরক্ষিত নারী আসনে মনোনয়ন, আলোচনায় চার নেত্রী ৩৭ টিকিট বিক্রির ৩৫টিই কিনলেন সিনেমাসংশ্লিষ্টরা

চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন আয়োজন কঠিন: ইসি মাছউদ

চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন আয়োজন কঠিন: ইসি মাছউদ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সব নির্বাচন আয়োজন করা কঠিন হবে বলে মনে করছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তার মতে, বর্তমানে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে ব্যস্ত রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচন নিয়ে কাজ এগিয়ে নেওয়ার পর অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘এখন যেহেতু আমরা ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত, এ নির্বাচন শেষ হওয়ার পর অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি চিন্তাভাবনা করা হবে। আপাতত এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার মতো পরিস্থিতি নেই।’

চলতি অর্থবছরের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন আয়োজন করা সম্ভব হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘মনে হয় না যে সব করতে পারব। এটি আমার ব্যক্তিগত মতামত।’

জ্যেষ্ঠ এই নির্বাচন কমিশনার বলেন, আবহাওয়া ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে কমিশনকে কাজ করতে হচ্ছে। বিভিন্ন কারণে নির্বাচনের প্রস্তুতি ও সময়সূচিতে পরিবর্তন আনতে হতে পারে।

ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, তফসিল ঘোষণার আগে সংলাপের বিষয়ে চিন্তাভাবনা করা হবে। তবে এ বিষয়ে এখনই চূড়ান্ত কিছু জানাননি তিনি।

নির্বাচনের তফসিল ঘোষণার সময় সম্পর্কে জানতে চাইলে মাছউদ বলেন, তফসিল ঘোষণার আগে এ বিষয়ে প্রয়োজনীয় কাজ করা হবে। নির্বাচন কমিশন এখনো তফসিল ঘোষণা করেনি। তাই এ বিষয়ে বিস্তারিত বলার সময় আসেনি।

নির্বাচনী আইন পরিবর্তন না করেও সেনাবাহিনী মোতায়েনের এখতিয়ার নির্বাচন কমিশনের রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আছে, সেটাও আছে। আইন পরিবর্তন না করলেও আছে।’

ইউপি নির্বাচনের প্রথম ধাপে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, প্রথম ধাপের পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী ধাপে সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি বিবেচনা করা হতে পারে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও গণমাধ্যমের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের আওতাধীন সব নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানানো হয়েছে বলে উল্লেখ করেন সাংবাদিকেরা। এ বিষয়ে কমিশনের পরিকল্পনা জানতে চাইলে মাছউদ বলেন, বর্তমানে ইউপি নির্বাচন নিয়ে কাজ করছে কমিশন। এ নির্বাচনের ব্যস্ততার কারণে অন্য নির্বাচনগুলো নিয়ে এখনই বিস্তারিত পরিকল্পনা করা সম্ভব হচ্ছে না। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, নির্বাচনের প্রস্তুতি ও সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও প্রয়োজন হবে।