১০ থেকে ৩০ কাউন্টের সুতি সুতা আমদানিতে বন্ডেড ওয়্যারহাউস সুবিধার পরিবর্তে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। তবে পোশাক রপ্তানিকারকদের আশঙ্কা, এ ব্যবস্থা কার্যকর হলে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলো আর্থিক চাপে পড়তে পারে।
রোববার (১৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিএমএ জানায়, এ পদক্ষেপ দেশীয় স্পিনিং মিলের উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থান সুরক্ষায় সহায়ক হবে।
সংগঠনটি একই সঙ্গে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি হিসেবে রপ্তানি পণ্যে অন্তত ৪০ শতাংশ স্থানীয় মূল্য সংযোজন নিশ্চিত করতে নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে।
গত ৭ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের এক প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টির বাধ্যবাধকতা আরোপ করা হয়। বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমের মতে, এতে রপ্তানিকারকদের নগদ অর্থের সংকট বাড়তে পারে এবং কিছু কারখানার কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
