ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে। এসব ঘটনার পেছনে কারা, তা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ উঠলেও এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ১ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে ৩১টি ককটেল বিস্ফোরণ ও ১৪টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু ৮ নভেম্বর রাতেই ঢাকার বিভিন্ন এলাকায় ১৫ থেকে ২০টি বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশ এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার প্রাথমিক ধারণা প্রকাশ করেছে। তবে তদন্ত শেষ না হওয়ায় সংশ্লিষ্টতা নিশ্চিত করেনি। অন্যদিকে, আওয়ামী লীগ নেতারা অভিযোগ অস্বীকার করে দলকে বিতর্কিত করতে এসব ঘটনা ঘটানো হচ্ছে বলে দাবি করেছেন।
