উন্নত প্রযুক্তি, বিশেষজ্ঞ চিকিৎসক ও তুলনামূলক সাশ্রয়ী খরচের কারণে জটিল রোগের চিকিৎসায় বাংলাদেশিদের কাছে চীনের হাসপাতাল জনপ্রিয় হয়ে উঠছে। ঐতিহ্যবাহী ও আধুনিক চিকিৎসার সমন্বয়ও বাড়াচ্ছে দেশটির স্বাস্থ্যসেবার প্রতি আগ্রহ।
একসময় চিকিৎসার জন্য বাংলাদেশিদের প্রধান গন্তব্য ছিল ভারত। তবে ভিসা জটিলতাসহ বিভিন্ন কারণে অনেকে এখন চীনের হাসপাতালের দিকে ঝুঁকছেন। ক্যানসার, রক্তের জটিল রোগ, অস্থিমজ্জা প্রতিস্থাপন ও অস্ত্রোপচারের চিকিৎসায় চীন নতুন বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।
চীনের গুয়াংজু ফার্স্ট পিপলস হাসপাতালের নানশা ক্যাম্পাসে বাংলাদেশি সাংবাদিকদের একটি দল সম্প্রতি পরিদর্শন করে। সেখানে পিইটি-সিটি, ৩-টেসলা এমআরআইসহ আধুনিক প্রযুক্তি এবং আকুপাংচারের মতো ঐতিহ্যবাহী চিকিৎসাপদ্ধতি তুলে ধরা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিদেশি রোগীদের জন্য দোভাষী, দ্রুত অ্যাপয়েন্টমেন্ট ও ভিসা-সংক্রান্ত সহায়তা রয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, চিকিৎসা নেওয়ার আগে খরচ, চিকিৎসার কার্যকারিতা ও রোগীর স্বার্থ নিশ্চিত করা জরুরি।
