সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

পাকিস্তানের প্রাপ্তবয়স্কদের ৩২ শতাংশ মানসিক সমস্যায় ভুগছেন

পাকিস্তানের প্রাপ্তবয়স্কদের ৩২ শতাংশ মানসিক সমস্যায় ভুগছেন

পাকিস্তানের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৩২ শতাংশ বর্তমানে কোনো না কোনো মানসিক বা আচরণগত সমস্যায় ভুগছেন। দেশটির চারটি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্কের অংশগ্রহণে পরিচালিত এক জাতীয় জরিপে এ তথ্য উঠে এসেছে। গবেষণাটি ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছে।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত জরিপে দেখা যায়, ৩৮ শতাংশ মানুষ জীবনের কোনো পর্যায়ে মানসিক সমস্যার অভিজ্ঞতা পেয়েছেন। প্রাপ্তবয়স্কদের প্রায় ২০ শতাংশ পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারে (পিটিএসডি) এবং ১০ শতাংশের বেশি বিষণ্নতায় ভুগছেন। জরিপের আগের এক মাসে ছয় শতাংশের বেশি অংশগ্রহণকারী আত্মহত্যার চিন্তার কথা জানিয়েছেন।

গবেষণায় নিম্ন আয়, বেকারত্ব, কম শিক্ষা ও সামাজিক বৈষম্যের সঙ্গে মানসিক সমস্যার সম্পর্ক পাওয়া গেছে। গবেষকেরা মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, বিশেষজ্ঞ জনবল বৃদ্ধি, কুসংস্কার দূরীকরণ এবং এ খাতে বরাদ্দ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন।