সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

কম্বোডিয়ায় আটকে প্রায় ১,৮০০ বাংলাদেশি, দেশে ফেরা নিয়ে শঙ্কা

কম্বোডিয়ায় আটকে প্রায় ১,৮০০ বাংলাদেশি, দেশে ফেরা নিয়ে শঙ্কা

ভালো বেতনের চাকরির প্রলোভনে কম্বোডিয়ায় গিয়ে বিপাকে পড়েছেন বিপুলসংখ্যক বাংলাদেশি। তাঁদের অনেকের বিরুদ্ধে অনলাইন প্রতারণাকেন্দ্রে কাজ করতে বাধ্য করার অভিযোগ রয়েছে। দেশে ফিরতে চাইলেও অর্থসংকট, ভিসার মেয়াদ শেষ হওয়া ও অভিবাসনসংক্রান্ত জটিলতায় আটকে আছেন অনেকে।

থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের শ্রমবিষয়ক প্রথম সচিব জহির ইমামের তথ্য অনুযায়ী, কম্বোডিয়ায় আটকে পড়া ১ হাজার ৭৯৬ বাংলাদেশির বিষয়ে দেশে ফেরার আবেদন এসেছে। গত জুলাই থেকে প্রায় ৩৫০–৪০০ জন দেশে ফিরেছেন। তবে সবার বর্তমান অবস্থা যাচাই করা সম্ভব হয়নি।

ভুক্তভোগীদের নিয়ে কাজ করা অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশনের হিসাবে, ৩১ অক্টোবরের সময়সীমা সামনে রেখে প্রায় ১ হাজার ৮০০ বাংলাদেশির দেশে ফেরা অনিশ্চিত। নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে তাঁদের জরিমানার মুখে পড়তে হতে পারে।

অন্যদিকে, বিএমইটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত কম্বোডিয়ায় কাজের জন্য ১৫ হাজার ৯৬৩ বাংলাদেশি ছাড়পত্র পেয়েছেন। নিয়োগকর্তা ও কর্মপরিবেশ সম্পর্কে কার্যকর নজরদারি না থাকায় এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন অভিবাসনসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা আটকে পড়াদের পরিস্থিতি যাচাই, নিরাপদ প্রত্যাবাসন এবং মানব পাচারচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।