সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ব্যাখ্যা চেয়েছে ঢাকা

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ব্যাখ্যা চেয়েছে ঢাকা

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত জানতে সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ারের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়াবলি-সংক্রান্ত সচিব নজরুল ইসলাম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বৈঠকে সৌদি সরকারের কাছে আগে পাঠানো কূটনৈতিক নোটের একটি অনুলিপি রাষ্ট্রদূতের হাতে দেওয়া হয়েছে।

এর আগে সৌদি কর্তৃপক্ষ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশ করে। তবে এ বিষয়ে বাংলাদেশকে আগাম কোনো তথ্য দেওয়া হয়নি বলে জানিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। নিহতদের পরিচয়, নাগরিকত্ব এবং মৃত্যুদণ্ড কার্যকরের কারণসহ বিস্তারিত তথ্য জানতে সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছে কনস্যুলেট।